প্রবাসী তরুণদের শেকড়চ্যুত হতে না দেওয়া এবং বিলেতে জন্ম নেওয়া নতুন প্রজন্মের রক্তে বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রবাহ জাগিয়ে রাখার বলিষ্ঠ ডাক দিলেন যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি নেতারা। একই সাথে প্রবাসে সামাজিক বুনন আরও সুদৃঢ় করতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।
সোমবার (২০ জুলাই) পূর্ব লন্ডনের এক অভিজাত মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল‘গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশন’-এর নবগঠিত কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিটির বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয়েছিল যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
শেকড় রক্ষার উদাত্ত আহ্বান
সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান ও যুগ্ম সম্পাদক তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুরু হয় মূল পর্ব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন সভাপতি মিনহাজুর রহমান। নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমেদ।
বক্তারা অত্যন্ত জোর দিয়ে বলেন,
"আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার পাশাপাশি বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এখন সময়ের দাবি। তরুণ ও নারীদের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় না করলে তারা একসময় নিজের শেকড়কেই ভুলে যাবে।"
বিশিষ্টজনদের উপস্থিতিতে মুখরিত আয়োজন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন রেডব্রিজ কাউন্সিল এর ডেপুটি মেয়র সাইদা লাভলী চৌধুরী, বারকিং অ্যান্ড ডাগেনহাম ডেপুটি চেয়ার ও কাউন্সিলর মোহাম্মদ সদরুদ্দিন খান
টাওয়ার হ্যামলেটস'র সাবেক স্পিকার আহবাব হোসেন ও নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ার রহিমা রহমান।
এছাড়াও কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সংবাদকর্মীদের পদচারণায় পুরো মিলনায়তন ছিল মুখরিত। বক্তব্য রাখেন উপদেষ্টা মল্লিক শাকুর ওয়াদুদ, প্রফেশনাল ও কমিউনিটি লিডার প্রফেসর ড. সানোয়ার চৌধুরী, আবুল কালাম আজাদ ছোটন, অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু সহ আরও অনেকে। সংগঠনের পক্ষে দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ইসি মেম্বার মহানুজ্জামান চৌধুরী, সহসভাপতি সৈয়দ সুহেল আহমদ ও প্রচার সম্পাদক সৈয়দ নাঈম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুর ও সঙ্গীতের মায়াবী সন্ধ্যা
সব আনুষ্ঠানিকতার পর নেমে আসে সুরের মূর্ছনা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ওয়াহিদুর রহমান ও আলামীনের কণ্ঠে ভেসে আসা বাঙালি সুরের জাদুতে মুহূর্তেই মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। প্রবাসের ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের জন্য সবাই যেন হারিয়ে যান রূপসী বাংলার কোলে।
সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে...