জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে অন্য ব্যক্তিকে দিয়ে মৌখিক পরীক্ষা (প্রক্সি ভাইভা) করিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর এক আসামি অসুস্থ থাকায় তাকে কারাফটকে (জেলগেট) জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার (হিমেল) চার আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অসুস্থ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রকৃত প্রার্থীদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নেন। পরে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করতে এলে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে তাদের পরিচয়ে অসঙ্গতি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, নিজেদের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী দিয়ে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন এবং লিখিত স্বীকারোক্তিও দেন।
তদন্ত কর্মকর্তার ভাষ্য, ঘটনাটি বিচ্ছিন্ন নয়; এর পেছনে একটি সংঘবদ্ধ নিয়োগ জালিয়াতি চক্র কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই চক্রে আর কারা জড়িত, কীভাবে প্রক্সি পরীক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে এবং আর্থিক লেনদেন হয়েছে কি না—এসব বিষয় জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতে আবেদন করা হয়।
মামলার নথি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে অফিস সহায়ক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৪, ২৫ ও ২৮ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় প্রতিটি প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়। পরে ৬ জুলাই চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে বলা হলে সংরক্ষিত ছবির সঙ্গে উপস্থিত ব্যক্তিদের চেহারার অমিল ধরা পড়ে। এরপর বিষয়টি নিশ্চিত হয়ে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণার সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি...