ঢাকা: বাজেট প্রণয়ন করাই শেষ কথা নয়, এর সফল বাস্তবায়নের মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে হলে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে প্রণীত জাতীয় বাজেট দেশের বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে বাজেটের প্রকৃত সফলতা নির্ভর করবে এর যথাযথ বাস্তবায়নের ওপর। এ জন্য অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি কাজের ক্ষেত্রে প্রচলিত ধ্যান-ধারণার বাইরে এসে নতুন চিন্তা ও উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের মধ্যে মুক্ত আলোচনা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারি ব্যবস্থাপনা নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তনে সবাইকে ভূমিকা রাখতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে অর্থ বিভাগকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজেটের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে এবং এর সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
বিগত দিনে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি...